সৌদি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে ইইউ'র প্রতি ইয়েমেনের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i35514-সৌদি_আগ্রাসন_বন্ধে_ব্যবস্থা_নিতে_ইইউ'র_প্রতি_ইয়েমেনের_আহ্বান
ইয়েমেনে সৌদি আরবের বর্বরোচিত সামরিক আগ্রাসন ও অমানবিক নিষেধাজ্ঞার অবসান ঘটাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র কাছে লিখিত আবেদন জানিয়েছে দেশটির সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০১৭ ১১:১৪ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসন বন্ধে ব্যবস্থা নিতে  ইইউ'র প্রতি ইয়েমেনের আহ্বান

ইয়েমেনে সৌদি আরবের বর্বরোচিত সামরিক আগ্রাসন ও অমানবিক নিষেধাজ্ঞার অবসান ঘটাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র কাছে লিখিত আবেদন জানিয়েছে দেশটির সরকার।

গতকাল (শনিবার) ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এবং ইইউ কাউন্সিলের সভাপতি-রাষ্ট্র মাল্টার পররাষ্ট্রমন্ত্রী জর্জ ভেলা'র কাছে লেখা এক চিঠিতে ইয়েমেনের জাতীয় ঐকমত্যের সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ এ আহ্বান জানান। ইয়েমেনে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানাতেও চিঠিতে আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ইয়েমেনে সৌদি অপরাধযজ্ঞের বিষয়ে তদন্ত করতে একটি স্বাধীন কমিটি গঠনের পাশাপাশি সানার আন্তর্জাতিক বিমানবন্দর আবারো খুলে দিতে এবং ইয়েমেনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় বেতন-ভাতা পরিশোধ করতে দেশটির সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে যাতে ইইউ বাধ্য করে তার জন্যেও  চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

শারাফ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন একট খসড়া প্রস্তাব পাস করা উচিত যেটি ইয়েমেন সংকটের একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার প্রতি জোর সমর্থন জানাবে। পাশাপাশি ইয়েমেনের বিরুদ্ধে রিয়াদের চলমান আগ্রাসন বন্ধ করতে এবং দেশটির ওপর চাপিয়ে দেয়া সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে রিয়াদকে বাধ্য করবে।

এছাড়া, হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রিত বন্দর নগরী হুদাইদা'র ওপর দিয়ে ইয়েমেনের বিভিন্ন অংশে মানবিক ত্রাণ সরবরাহ করার ওপরও জোর দিয়েছেন শারাফ।#

পার্সটুডে/বাবুল আখতার/২