শিগগিরি ফিলিস্তিনি বন্দীদের ছাড়িয়ে আনা হবে: হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দফতরের উপপ্রধান ইসমাইল হানিয়া বলেছেন, তারা দখলদার ইসরাইলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করে আনার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বাস্তবায়ন অতি সন্নিকটে। তিনি বলেন, কারাগারগুলোতে বন্দীদের অনশন সংগ্রাম সমগ্র ফিলিস্তিনিদের সংগ্রাম বলেই আমরা মনে করি।
ফিলিস্তিনের তথ্যকেন্দ্র থেকে বলা হয়েছে, ইসমাইল হানিয়া গতকাল(শুক্রবার) গাজায় একটি মসজিদ উদ্বোধনের পর বলেছেন, বর্তমানে ফিলিস্তিনিদের প্রতিরোধ শক্তি বহুগুণে বেড়েছে এবং ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বলেন, হামাস ইসরাইলের আগ্রাসন ঠেকাতে সক্ষম হয়েছে।
হামাসের রাজনৈতিক দফতরের উপপ্রধান বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার সংগ্রাম অব্যাহত রয়েছে। তিনি বলেন, গাজার বিরুদ্ধে সব ষড়যন্ত্রকারীরা বর্তমানে নানা সংকটে রয়েছে এবং তাদের জেনে রাখা উচিত গাজা সব সময়ই বিজয়ের পথেই থাকবে এবং ইসরাইলের অন্যায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা প্রতিরোধ অব্যাহত রাখবে। #
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২২