‘তুরস্ক সীমান্তে প্রাচীর নির্মাণ করলে অবশ্যই ইরানকে আগে জানাতে হবে’
https://parstoday.ir/bn/news/west_asia-i37604-তুরস্ক_সীমান্তে_প্রাচীর_নির্মাণ_করলে_অবশ্যই_ইরানকে_আগে_জানাতে_হবে’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, সীমান্তে তুরস্ক যদি কোনো প্রাচীর নির্মাণ করতে চায় তাহলে অবশ্যই আগেভাগে ইরানকে জানাতে হবে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৭ ১৬:৫৭ Asia/Dhaka
  • দেয়াল টপকে তুর্কি নিরাপত্তা বাহিনীর ওপর পিকেকে গেরিলাদের হামলা (ফাইল ফটো)
    দেয়াল টপকে তুর্কি নিরাপত্তা বাহিনীর ওপর পিকেকে গেরিলাদের হামলা (ফাইল ফটো)

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, সীমান্তে তুরস্ক যদি কোনো প্রাচীর নির্মাণ করতে চায় তাহলে অবশ্যই আগেভাগে ইরানকে জানাতে হবে।  

মন্ত্রণালয়ের এ সূত্র বলেছে, তুরস্কের এ পরিকল্পনাকে ইরান স্বাগত জানায় এবং এ নিয়ে তেহরানের পক্ষ থেকে কোনো বিরোধিতা নেই। তবে আংকারাকে অবশ্যই আগেভাগে সবকিছু জানাতে হবে।

ইরানি ওই কর্মকর্তা বলেন, নিরাপত্তা কৌশলের নামে তুরস্ক এ নতুন পদক্ষেপ নিচ্ছে এবং এতে ইরানের কোনো সমস্যা নেই। তিনি জানান, প্রাচীর নির্মাণের কারণে তুরস্ক থেকে ইরানে কোটি কোটি ডলারের পণ্য পাচার বন্ধ হবে। তিনি আশা করেন, যত শিগগিরি সম্ভব তুরস্ক এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

গতকাল (সোমবার) তুরস্কের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা দেশটির দৈনিক হুররিয়াত পত্রিকার কাছে দাবি করেছেন, ইরানের ক্যাম্প থেকে কুর্দি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে তুরস্ক সীমান্তে দেয়াল তৈরি করবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯