শেইখ ঈসা কাসিমকে নির্বাসনে পাঠানোর চেষ্টা চলছে; শোক পালন করছে জনগণ
বাহরাইনের বর্ষীয়ান আলেম শেইখ ঈসা কাসিমের বাসভবনে হামলা ও পাঁচজনকে হত্যার ঘটনায় শোক পালন করছে দেশটির জনগণ। বাইরাইনের আলেমদের আহ্বানে এ শোক পালন করা হচ্ছে।
বাহরাইনের আলেমরা এক বিবৃতিতে বলেছেন, শেইখ ঈসা কাসিমের বাসভবন ও দিরায এলাকায় হামলার জন্য বাহরাইনের আলে খলিফা সরকার দায়ী এবং এ পদক্ষেপের মাধ্যমে অস্থিতিশীলতা ও উত্তেজনা ছড়িয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঈসা কাসিমের ভাগ্যে কী ঘটেছে তা স্পষ্ট নয়।
গত রোববার বাহরাইনের আলে খলিফা সরকার শেইখ ঈসা কাসিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছে। কারাদণ্ডাদেশের পর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুব্ধ হয়ে তার বাসভবনে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এর ফলে সেখানে পাঁচজন নিহত ও দুইশ'রও বেশি মানুষ আহত হয়। এছাড়া অন্তত তিনশ' জনকে আটক করা হয়েছে।
এদিকে, বাহরাইন সরকার শেইখ ঈসা কাসিমকে নির্বাসনে পাঠানোর চেষ্টা চালাচ্ছে। লেবাননের সুমারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, বাইরাইনের রাজতান্ত্রিক সরকার ঈসা কাসিমকে ইরাকে নির্বাসনে পাঠাতে চায়। তবে ইরাক সরকার বাহরাইনের আবেদনে সাড়া দেয়নি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫