সৌদি শাসকের বিরুদ্ধে বিক্ষোভের দায়ে ১৪ শিয়া মুসলমানের প্রাণদণ্ড
সৌদি আরবের একটি আদালত দেশের গোলযোগপূর্ণ অঞ্চলে কাতিফের ১৪ শিয়া মুসলমানকে প্রাণদণ্ড দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কাতিফে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের ঘটনা প্রায়ই ঘটছে।
লেবাননের আল-মানার চ্যানেল জানিয়েছে, রিয়াদের সুপ্রিম কোর্ট এ প্রাণদণ্ড ঘোষণা করেছে। সৌদি শাসকদের বিরুদ্ধে বিক্ষোভ করায় তাদের বিরুদ্ধে কঠোরতম এ সাজা ঘোষণা করা হয়।
এর আগে সৌদি আরবের কথিত সন্ত্রাস বিরোধী ফৌজদারি আদালতে এ ১৪ ব্যক্তির বিরুদ্ধে একই দণ্ড ঘোষণা করেছিল। আইন বিশেষজ্ঞরা সন্ত্রাস বিরোধী আদালতকে দেশটির বিরোধীদের দমন করার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হাতিয়ার হিসেবে গণ্য করেন।
এ মামলার শুনানির সময়ে আসামী পক্ষের অনেকেই বলেছেন, দৈহিক এবং মানসিক নির্যাতনের মাধ্যমে তাদেরকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।
এদিকে, সন্ত্রাস- বিরোধী কথিত আইনের মাধ্যমে বিরোধী মতাবলম্বীদের কণ্ঠ চেপে ধরায় আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো কঠোর ভাষায় রিয়াদের সমালোচনা করছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৬