পশ্চিম তীরে যেকোনো মূল্যে সেনা নিয়ন্ত্রণ থাকতেই হবে: নেতানিয়াহু
-
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন সংকট সমাধানের ক্ষেত্রে যেকোনো চুক্তিই হোক না কেন তাতে পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ থাকতে হবে।
তিনি বলেন, “ভূমির বিনিময়ে শান্তি কোনো ভালো ধারণা নয়। আমাদের অস্তিত্বের স্বার্থে জর্দান নদীর পশ্চিম তীরের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে।” ইসরাইলের সামরিক বাহিনীর রেডিও চ্যানেলকে তিনি গতকাল (মঙ্গলবার) এ কথা বলেন। নেতানিয়াহু দাবি করেন, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন সংকটের মূল কারণ নয় বরং সংকটের মূল কারণ হচ্ছে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে মেনে নিতে ফিলিস্তিনিদের অব্যাহত অস্বীকৃতি।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করে নেয়। তবে আন্তর্জাতিক সমাজ জেরুজালেমকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় নি। ওই বছরের নভেম্বর মাসে জাতিসংঘে ২৪২ নম্বর প্রস্তাব পাস করা হয় যাতে ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১