লেবাননে প্রতিরোধের রোডম্যাপ তৈরি করেছিলেন ইমাম খোমেনি: হিজবুল্লাহ
-
শেখ নাঈম কাসিম (ফাইল ফটো)
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসিম বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনির তৈরি করা রোডম্যাপ লেবাননে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার কাজে বড় ভূমিকা রেখেছে।
রাজধানী বৈরুতে গতকাল (শুক্রবার) মরহুম ইমাম খোমেনির স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন হিজবুল্লাহ নেতা। ইসলামি বিপ্লবের নেতার গুণাবলী উল্লেখ করে শেখ নাঈম কাসিম বলেন, “তিনিই এ অঞ্চলে বিরাট পরিবর্তন এনেছেন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করেছেন।”
আলোচনায় হিজবুল্লাহ নেতা দারিদ্রপীড়িত ইয়েমেনে রাজতান্ত্রিক সৌদি সরকারের বর্বরতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, পবিত্র কাবার খাদেম ও লাখ লাখ কপি কুরআনের প্রকাশক হিসেবে সৌদি সরকার ইয়েমেনের জনগণের ওপর এই বর্বরতা চালাতে পারে না। তিনি আরো বলেন, ইয়েমেনের জনগণ মর্যাদা ও স্বাধীনতা চায় এবং এই অপরাধে তারা বিশ্ব সম্প্রদায়ের সামনে প্রতিদিন নিহত হচ্ছে অথচ সভ্য সমাজের দাবিদার কেউ কোনো কথা বলছে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩