গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার দায়ে তুর্কি প্রধানমন্ত্রীর উপদেষ্টা আটক
-
বিরোল এরদেম
আমেরিকায় নির্বাসিত তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ফতেহউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের প্রধান উপদেষ্টাকে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি বিচারবিভাগের একটি সূত্র জানিয়েছে, বিচার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র কর্মকর্তা বিরোল এরদেম ও তার স্ত্রী গুলুমসারকে আজ (শনিবার) সকালে রাজধানী আংকারা থেকে আটক করা হয়। এরদেম ও তার স্ত্রীর বিরুদ্ধে আংকারার প্রধান সরকারি কৌঁসুলি হারুন কোদালাক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত বছরের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য গুলেনকে দায়ী করা হয়। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে ওই সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল বলে মনে করা হয়। গুলেন এ ব্যর্থ সেনা অভ্যুত্থানের নিন্দা জানান এবং এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দেন। গুলেন আন্দোলন ও ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩