কাতার নিয়ে অবস্থান বদলালেন ট্রাম্প: মধ্যস্থতার জন্য হোয়াইট হাউজে বৈঠকের প্রস্তাব
https://parstoday.ir/bn/news/west_asia-i39638-কাতার_নিয়ে_অবস্থান_বদলালেন_ট্রাম্প_মধ্যস্থতার_জন্য_হোয়াইট_হাউজে_বৈঠকের_প্রস্তাব
কাতার সংকট নিরসনে ওয়াশিংটনের মধ্যস্থতার প্রস্তুতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে গতকাল ফোনালাপের সময় এ প্রস্তাব দেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৭ ২১:৪০ Asia/Dhaka
  • কাতার নিয়ে অবস্থান বদলালেন ট্রাম্প: মধ্যস্থতার জন্য হোয়াইট হাউজে বৈঠকের প্রস্তাব

কাতার সংকট নিরসনে ওয়াশিংটনের মধ্যস্থতার প্রস্তুতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে গতকাল ফোনালাপের সময় এ প্রস্তাব দেন তিনি।

ফোনালাপের সময়ে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতপার্থক্য নিরসনে সহায়তা করার প্রস্তাব দেন তিনি। প্রয়োজনে হোয়াইট হাউজে এ বিষয়ে বৈঠক হতে পারে বলেও জানান তিনি।

কাতারের সঙ্গে সৌদি আরবসহ ছয়টি দেশ কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে বর্তমান সংকটের সূচনা হয়। মঙ্গলবার এ ঘটনার পুরো কৃতিত্ব দাবি করে টুইট করেছিলেন ট্রাম্প।  আনন্দে উদ্বেল ট্রাম্প টুইট বার্তায় এ ঘটনাকে তার সফরের সুফল হিসেবে তুলে ধরেছেন। এ ছাড়া, একে ‘শেষের শুরু হিসেবেও উল্লেখ করেন।

টুইট বার্তায় তিনি বলেন,  সৌদি আরব সফর এবং দেশটির রাজাসহ ৫০টি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের সুফল ফলতে শুরু করেছে। সফরকালে নেতারা বলেছিলেন তারা উগ্রবাদকে তহবিল যোগানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং সে সময়ে সবাই কাতারের প্রতি আঙ্গুলি নির্দেশ করেছিলেন।

কিন্তু এ টুইট বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই আবার ডিগবাজি খেলেন এবং কাতার নিয়ে অবস্থান বদলালেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৮