কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছে হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই সংগঠনের ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছে।
ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, হামাস মুখপাত্র ফুয়াদ বারহুম এক বিবৃতিতে বলেছেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির বক্তব্য থেকে ফিলিস্তিনীদের ব্যাপারে দোহার ইতিবাচক মনোভাবের বিষয়টি ফুটে উঠেছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, হামাস একটি প্রতিরোধকামী সংগঠন এবং আরব দেশগুলোর কাছে তাদের বৈধতা রয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, তার দেশ ফিলিস্তিন জাতি, তাদের ন্যায়সঙ্গত অধিকার এবং ফাতাহ ও হামাসের মধ্যকার শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন জানায়।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ যুবায়ের গত মঙ্গলবার বলেছেন, আরব অঞ্চলের বিভিন্ন সংকট সমাধানের জন্য কাতার এগিয়ে এলেও তাদের উচিত হামাসের প্রতি সমর্থন বন্ধ করা।
গত সোমবার সৌদি আরব, বাহরাইন, আমিরাত ও মিশর হামাসের প্রতি সমর্থন বন্ধের আহবান জানিয়ে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। #
পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১১