সৌদি জোটের নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষণা করুন: জাতিসংঘকে কাতার এয়ারওয়েজ
https://parstoday.ir/bn/news/west_asia-i40028-সৌদি_জোটের_নিষেধাজ্ঞাকে_বেআইনি_ঘোষণা_করুন_জাতিসংঘকে_কাতার_এয়ারওয়েজ
কাতারি বিমান চলাচলের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর গৃহীত ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করার জন্য জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও’র কাছে আহ্বান জানিয়েছে কাতার এয়ারওয়েজ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১২, ২০১৭ ১৯:২২ Asia/Dhaka
  • কাতার এয়ারওয়েজের একটি বিমান
    কাতার এয়ারওয়েজের একটি বিমান

কাতারি বিমান চলাচলের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলোর গৃহীত ব্যবস্থাকে বেআইনি ঘোষণা করার জন্য জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও’র কাছে আহ্বান জানিয়েছে কাতার এয়ারওয়েজ।

কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা আকবর আল-বাকের এ আহ্বান জানান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর তাদের আকাশসীমাকে কাতারি বিমান চলাচলের জন্য নিষিদ্ধ করেছে। 

শিকাগো কনভেনশন নামে পরিচিত আন্তর্জাতিক বিমান সংস্থার কনভেনশনে সই করা দেশগুলো নিজ আকাশসীমা দিয়ে অন্য দেশের বিমান স্বাধীনভাবে উড়তে দিতে বাধ্য। অবশ্য এতে বিমান অবতরণের সুযোগ দেয়ার বাধ্য-বাধকতা নেই। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এ কনভেনশনে সই করলেও সৌদি আরব করে নি।

এদিকে, সৌদি নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার চড়া মূল্য দিতে হচ্ছে কাতার এয়ারওয়েজকে। ১৮টি রুটে আর চলাচল করতে পারছে না এ সংস্থার বিমান। এছাড়া, কাতার এয়ারওয়েজের দফতরও বন্ধ করে দিয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। নিষ্ঠুর আচরণ হিসেবে উল্লেখ করে আল-বাকের বলেন, বিমান সংস্থার দফতর কোনো রাজনৈতিক সংস্থার শাখা নয়। যাত্রীদেরকে অর্থ ফেরত দিতেও দেয়া হচ্ছে না বলে জানান তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/১২