ইরানি হামলার পর দায়েশ-বিরোধী অভিযান জোরদার করেছে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i40808-ইরানি_হামলার_পর_দায়েশ_বিরোধী_অভিযান_জোরদার_করেছে_সিরিয়া
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকারি ও মিত্রবাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৭ ০৮:৫৩ Asia/Dhaka
  • সিরিয়ার সরকারি সেনাদের অগ্রাভিযান (ফাইল ফটো)
    সিরিয়ার সরকারি সেনাদের অগ্রাভিযান (ফাইল ফটো)

সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকারি ও মিত্রবাহিনী।

কয়েকদিন আগে দেইর আজ-জোরে দায়েশ কমান্ড সেন্টার এবং অস্ত্র ও গোলা-বারুদের গুদামে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সিরিয়ার সেনারা এখন সেখানে অগ্রাভিযান চালাতে সুবিধা পাচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দায়েশের ১৭০ সন্ত্রাসী নিহত হয় যার মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার রয়েছে। ২০১৪ সালে দায়েশ সন্ত্রাসীরা দেইর-আজ জোর প্রদেশটি দখল করে নেয়ার পর এই প্রথম সেখানে সরকারি সেনারা অগ্রাভিযান চালাতে সক্ষম হলো।

সরকারপন্থি স্বেচ্ছাসেবী যোদ্ধাদের সমর্থন নিয়ে সরকারি সেনারা ইরাক সীমান্তের কাছ দিয়ে দেইর-আজ জোরে প্রবেশ করে। খবরটি দিয়েছে লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর রহিউম্যান রাইটস। সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেন, সিরিয়ার সেনারা আট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে এবং টি২ তেলক্ষেত্রের ১২ কিলোমিটার দূরে রয়েছে। সেনারা এখন দেইর আজ-জোর শহরের কিছু এলাকা ও সেখানকার সামরিক বিমানঘাঁটি নিয়ন্ত্রণ করছে তবে শহরের বেশিরভাগ এলাকা এখনো সন্ত্রাসীদের হাতে রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪