মসুল মুক্তি উৎসব পালন করল ইরাকি সংসদ
ইরাকি সংসদ সদস্যরা সেদেশের সশস্ত্র বাহিনী এবং হাশদ-আশ-শাবি’র সঙ্গে একাত্মতা ঘোষণার অংশ হিসেবে মসুল বিজয় উৎসব পালন করেছে। তারা ঘোষণা করেছে: মসুল বিজয়ের পর তালাফার শহর মুক্তির অভিযান শুরু হবে।
বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, ইরাকের সংসদ স্পিকার সেলিম আলজাবুরি আজ সশস্ত্র বাহিনীর ভূয়সি প্রশংসা করেন। দায়েশের পরাজয়ের পর এখন ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এখন দায়েশের পরাজয়-পরবর্তী পর্যায় নিয়ে ভাবতে হবে।
ইরাকি সংসদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিশনের প্রধান হাকেম আজজামেলিও একই সুরে বলেছেন, মসুল অভিযানের পর তালাফার শহরের স্বাধীনতার অভিযান শুরু হবে। কেননা এই শহর স্বাধীন হলেই মসূলের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে।
সশস্ত্র বাহিনীর সঙ্গে ইরাকি পার্লামেন্ট সদস্যদের এই সংহতি উৎসব চলাকালে বহু সদস্য সশস্ত্র বাহিনীর প্রশংসাসূচক শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেছে।
ইরাকি সশস্ত্র বাহিনী এখন টাইগ্রিস তীরবর্তী প্রাচীন শহর মসুলের দায়েশ অধিকৃত বাদবাকি এলাকা মুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই মসুলের চূড়ান্ত বিজয় ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
গত ২৯ জুন ইরাকের সশস্ত্র বাহিনী মসুলের পশ্চিমে অবস্থিত দায়েশ ঘাঁটি আন্নুর মসজিদে পৌঁছে যায়। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির ভাষ্য অনুযায়ী এই সাফল্যের মানে মসুলে দায়েশের কাজ শেষ।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৪