ইরাক ও সিরিয়ায় ৬০০ বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করল পেন্টাগন
-
ইরাকে মার্কিন হামলায় নিহত বেসামরিক নাগরিকের দাফন অনুষ্ঠান (ফাইল ছবি)
ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে অন্তত ৬০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করার কথা স্বীকার করেছে আমেরিকা। ২০১৪ সাল থেকে এসব হতভাগ্য মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালের মে মাস পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত জোটের বিমান হামলায় ৬০৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এসব মানুষের প্রায় অর্ধেক নিহত হয়েছে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর ও এর আশপাশে।
পেন্টাগনের পক্ষ থেকে ৬০০ বেসামরিক নাগরিককে হত্যা করার কথা স্বীকার করা হলেও নিরপেক্ষ সূত্রগুলো বলছে, ইরাক ও সিরিয়ায় এর চেয়ে অনেক গুণ বেশি বেসামরিক মানুষ হত্যা করেছে আমেরিকা। লন্ডন-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এয়ারওয়ার্স বলেছে, পেন্টাগনের উল্লেখিত সময়ে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ৪,৩৫৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এ ছাড়া, লন্ডন-ভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পরিসংখ্যান উল্লেখ বলেছে, ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালে মে মাস পর্যন্ত শুধুমাত্র সিরিয়ায় ৪২,২৩৪ বার বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলায় প্রায় ৭,০০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে।
গত মার্চ মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরাক ও সিরিয়ায় বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য আমেরিকার কড়া সমালোচনা করেছিল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮