রাকায় মার্কিন বিমান হামলা: নিহতদের মধ্যে ৮টি শিশু
-
মার্কিন বিমান হামলা
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের কথিত রাজধানী রাকা শহরে মার্কিন বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে। তবে এ হামলায়ও নিহত হয়েছে ২৯ জন বেসামরিক নাগরিক যার মধ্যে শুধু শিশু রয়েছে আটটি।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান গতকাল (বুধবার) এসব তথ্য দিয়েছেন। তিনি জানান, রাকায় গত দুই মাস আগে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের দায়েশ-বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিমান হামলায় অন্তত ৩২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে শিশু রয়েছে ৫২টি। অবশ্য, এ জোটের হয়ে মার্কিন বাহিনীই প্রধানত বিমান হামলা চালিয়ে আসছে।
সিরিয়ার সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন ছাড়াই মার্কিন নেতৃত্বাধীন জোট ২০১৪ সাল থেকে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আসছে। তবে তাদের হামলায় এ পর্যন্ত দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটে নি বরং তাদের হামলায় বহুসংখ্যক বেসামরিক নাগরিক নিহত ও সরকারি-বেসরকারি বহু স্থাপনা ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭