নিজেকে রক্ষায় মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাতে প্রস্তুত নেতানিয়াহু: ইহুদ বারাক
-
ইহুদ বারাক
ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক অভিযোগ করেছেন, পবিত্র আল-আকসা মসজিদ নিয়ে চলমান উত্তেজনা তৈরি করা হয়েছে শুধুমাত্র বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি চাপা দেয়ার জন্য। ইহুদ বারাক বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত চলছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্নদিকে ঘুরিয়ে দিতেই আল-আকসা মসজিদে নিয়ে সাম্প্রতিক উত্তেজনা তৈরি করা হয়েছে।
গতকাল (শনিবার) নিজের ফেইসবুক পেইজে আপলোড করা এক ভিডিও বার্তায় ইহুদ বারাক অত্যন্ত সংবেদনশীল আল-আকসা মসজিদ ও পশ্চিম তীর পরিস্থিতি মোকাবেলায় নেতানিয়াহুর নেয়া পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ফৌজদারি তদন্ত থেকে নিজেকে বাঁচানোর জন্য পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিতে প্রস্তুত রয়েছেন নেতানিয়াহু।”
ইহুদ বারাক আরো বলেন, “গত দু সপ্তাহের ঘটনাবলীতে নেতানিয়াহুর আচরণ প্রতিফলিত হয়েছে। তিনি আতংক সৃষ্টি করেন এবং দুর্বল চিত্তে কাজ করেন। তিনি সহজেই মেজাজ হারান এবং বার বার তাকে আত্মসমর্পণ করতে দেখেছি।” ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বলেন, মূল্যবান উপহার-সামগ্রীর দুর্নীতিতে সুপ্রিম কোর্ট নেতানিয়াহুকে পদত্যাগ করতে বলেছে। বিদেশের সঙ্গে ব্যবসায়ে জড়িত ব্যবসায়ীদের কাছ থেকে মূল্যবান উপহার সামগ্রী গ্রহণের বিষয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০