ইয়েমেনে সৌদি বিমান হামলা তিনগুণ বেড়েছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i44172-ইয়েমেনে_সৌদি_বিমান_হামলা_তিনগুণ_বেড়েছে_জাতিসংঘ
জাতিসংঘ বলেছে, সৌদি আরব চলতি বছরের প্রথম সাত মাসে ইয়েমেনে যে পরিমাণ বিমান হামলা চালিয়েছে তা ২০১৬ সালের মোট বিমান হামলাকে ছাড়িয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ০৩:১৩ Asia/Dhaka
  • ইয়েমেনে ভয়াবহ সৌদি বিমান হামলা (ফাইল ছবি)
    ইয়েমেনে ভয়াবহ সৌদি বিমান হামলা (ফাইল ছবি)

জাতিসংঘ বলেছে, সৌদি আরব চলতি বছরের প্রথম সাত মাসে ইয়েমেনে যে পরিমাণ বিমান হামলা চালিয়েছে তা ২০১৬ সালের মোট বিমান হামলাকে ছাড়িয়ে গেছে।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দপ্তর ‘প্রোটেকশন ক্লাস্টার ইয়েমেন’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ২০১৭ সালে প্রতি মাসে গড়ে যে বিমান হামলা হয়েছে তা ২০১৬ সালের তুলনায় তিনগুণ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর অধীনে ‘প্রোটেকশন ক্লাস্টার ইয়েমেন’ পরিচালিত হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, হুথি আনসারুল্লাহ আন্দোলনের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি বিমান হামলা ভয়াবহ রকম বেড়ে গেছে।  জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আগ্রাসনের পাশাপাশি বর্তমানে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ায় ইয়েমেনে বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংকট তৈরি হয়েছে।

এর আগে গতমাসে জাতিসংঘ জানিয়েছিল, ইয়েমেনের এক কোটি ১৭ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এদের মধ্যে ৬৮ লাখ মানুষের অবস্থা শোচনীয় হওয়ায় তাদের জন্য জরুরি খাদ্য সাহায্য প্রয়োজন।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর নৌ অবরোধ আরোপ করে ভয়াবহ হামলা চালাচ্ছে সৌদি আরব। এখন পর্যন্ত এসব হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫