দায়েশের মূল উদ্দেশ্য ইসলামকে কলঙ্কিত করা: হিজবুল্লাহ
ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করা। দায়েশ গোষ্ঠী আইএস ও আইএসআইএল নামেও পরিচিত।
স্পেনের বার্সেলোনায় দায়েশ বা আইএসআইএলের হামলার নিন্দা জানিয়ে দেয়া বিবৃতিতে এ কথা বলেছে হিজবুল্লাহ। সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, দায়েশ পবিত্র জিহাদের সংজ্ঞা বিকৃত করার মিশনে নেমেছে এবং তারা এ লক্ষ্যেই কাজ করছে।
এতে আরও বলা হয়েছে, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে দায়েশ যেসব সন্ত্রাসী হামলা চালাচ্ছে তার সবই ইসলামকে কংল্কিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই করা হচ্ছে।
হিজবুল্লাহ আরও বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং সন্ত্রাসীদের অপরাধযজ্ঞ বন্ধের লক্ষ্যে প্রথমেই সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকদের ওপর চাপ বাড়াতে হবে। গতকাল (বৃহস্পতিবার) স্পেনের বার্সেলোনায় দায়েশের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।#