আবারো দায়েশকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিল আমেরিকা
-
মার্কিন সিহক হেলিকপ্টার (ফাইল ফটো)
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে আবারো নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে মার্কিন সেনারা। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে মার্কিন সেনারা দায়েশ সদস্যদেরকে হেলিকপ্টারে করে দ্বিতীয় দফায় নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিল। তবে এ দফায় কতজন সন্ত্রাসীকে নিরাপদে নেয়া হয়েছে তা স্পষ্ট নয়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশের আত-তাবানি শহর থেকে গতকাল (শনিবার) দায়েশ সন্ত্রাসীদেরকে মার্কিন হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নেয়া হয়। এ অভিযানে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স’ সঙ্গে ছিল বলে সিরিয় সূত্র থেকে জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলেছিল- দেইর আয-জোরের একটি অস্ত্র গুদাম থেকে পাঁচজন দায়েশ সন্ত্রাসীকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিল মার্কিন বাহিনীর হেলিকপ্টার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭