আমেরিকার নাকের ডগায় সন্ত্রাসীরা কীভাবে কাজ করে: ব্যাখ্যা চেয়েছে রাশিয়া
-
মার্কিন সাঁজোয়া যান
রাশিয়া বলেছে, সিরিয়ার মাটিতে উগ্র সন্ত্রাসীরা আমেরিকার চোখের সামনে তৎপরতা চালাচ্ছে। এ অবস্থায় রাশিয়া আমেরিকার কাছে ব্যাখ্যা চেয়েছে- সীমান্তে মার্কিন সামরিক ঘাঁটি থাকার পরও কী করে এতটা স্বাধীনভাবে চলাফেরা করছে। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনোশেংকভ।
সিরিয়ার আল-তান্ফে ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে 'যুদ্ধ-মুক্ত জোন' ঘোষণা করেছে আমেরিকা। সেখানে মার্কিন অনুগত সন্ত্রাসীদের ঢোকার অনুমতি রয়েছে কিন্তু সিরিয়ার সেনাদেরকে বাধা দেয়া হয়। আল-তান্ফ এলাকা হচ্ছে সিরিয়া, ইরাক ও জর্দান সীমান্তে অবস্থিত এবং এর আলাদা কৌশলগত গুরুত্ব রয়েছে।
সম্প্রতি ওই এলাকা দিয়ে ৩০০ দায়েশ সন্ত্রাসী পার হয়েছে। এ নিয়ে রাশিয়া প্রশ্ন তুলেছে, কীভাবে এসব সন্ত্রাসী মার্কিন সেনাদের চোখের সামনে দিয়ে পার হলো। দায়েশ সন্ত্রাসীরা ওই এলাকা পেরিয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে যা রাজধানী দামেস্ককে সংযুক্ত করেছে এবং দেইর আয-যোরে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর কাজে ব্যবহার করা হয়। এ সড়কের নিয়ন্ত্রণ নিয়ে দায়েশ সন্ত্রাসীরা এখন ত্রাণ পাঠানোর কাজে বাধা দিচ্ছে।
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীগুলোকে প্রশ্রয় দেয়ার বিষয়ে অনেক আগে থেকেই আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া, মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী কয়েক বছর ধরে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এসব হামলার কোনো ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১