কুয়েতের স্পিকারের ইহুদিবাদ বিরোধী পদক্ষেপের প্রশংসা করলেন হানিয়া
-
ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া রাশিয়ায় কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল-গানিমের ইসরাইল বিরোধী পদক্ষেপের প্রশংসা করেছেন।
ইসমাইল হানিয়া গতকাল (বৃহস্পতিবার) মারজুক আল-গানিমকে ফোন করে ধন্যবাদ জানিয়ে বলেন, "সঠিক সময়ে নেয়া এ পদক্ষেপের মধ্যদিয়ে জাতির বিবেক ও ফিলিস্তিনিদের বিষয়ে আপনার অন্তরের অনুভূতি ফুটে উঠেছে"। এ সময় কুয়েতি স্পিকার ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থনকে ধর্মীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইহুদিবাদী দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি তথা মুসলিম উম্মাহর বিজয়ের বিষয়ে তিনি নিশ্চিত।
কয়েক দিন আগে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তঃসংসদীয় ইউনিয়নের অধিবেশন চলাকালে ইহুদিবাদী ইসরাইলের প্রতিনিধিদলকে বেরিয়ে যাওয়ার জন্য কড়া ভাষায় ধমক দেন কুয়েতের স্পিকার মারজুক আল-গানিম। ইসরাইলি প্রতিনিধিদের দেয়া বক্তৃতায় ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, “আপনাদের যদি সামান্যতম লজ্জা থাকে তাহলে এই মুহূর্তে এখান থেকে আপনাদের বেরিয়ে যাওয়া উচিত।” তিনি ইসরাইলি সংসদকে ‘শিশু ঘাতক ও দখলদার সংসদ’ বলেও অভিহিত করেন।
ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি সংসদ সদস্যদের বিষয়ে ইসরাইলি প্রতিনিধিদের দেয়া বক্তৃতায় ক্ষিপ্ত হয়ে তিনি এ কথা বলেন। মারজুক বলেন, “আপনাদের বক্তৃতার পর প্রত্যেক সম্মানিত সংসদ সদস্যের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে তা দেখতে পেয়েছেন। এখন আপনাদের উচিত তল্পিতল্পা নিয়ে এই সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়া।”
কুয়েতের সংসদ স্পিকারের মন্তব্যের পর ইসরাইলি প্রতিনিধিদল সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যায় এবং এ সময় উপস্থিত বিভিন্ন দেশের সংসদ সদস্যরা তুমুল হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০