বিপজ্জনক মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে: হিজবুল্লাহ
-
হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, দায়েশকে পরাজিত করার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার বিষয়ে আমেরিকা ও তার মিত্র ইহুদিবাদী ইসরাইলের বিপজ্জনক ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। এ কাজ করা সম্ভব হয়েছে 'প্রতিরোধ অক্ষের' ঐক্যের কারণে।
গতকাল (রোববার) রাজধানী বৈরুতে এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে শেখ নাঈম বলেন, ইহুদিবাদী ইসরাইলের নিপীড়ন ও দখলদারিত্ব সত্ত্বেও আমেরিকা ইসরাইলকে সমর্থন করে তার নিজের স্বার্থে। এই স্বার্থ হচ্ছে- ইসরাইলের মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করা এবং যেসব দেশ আমেরিকার অবাধ্য থাকবে তাদের বিরুদ্ধে ভয়ংকর এই ক্যান্সারকে ব্যবহারের মাধ্যমে অস্ত্র ব্যবসা ও কর্তৃত্ব ধরে রাখা।
হিজবুল্লাহর এ শীর্ষ পর্যায়ের নেতা বলেন, "নতুন মধ্যপ্রাচ্য সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমেরিকা সিরিয়াকে ধ্বংস ও আঞ্চলিক দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করেছে কিন্তু আমরা সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছি।" তিনি আরো বলেন, সারা বিশ্ব জানে ইসরাইল ও আমেরিকা দায়েশ পশুদেরকে সৃষ্টি করেছে এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে অন্য দেশের জন্য কী ক্ষতি হলো তা নিয়ে আমেরিকা ও ইসরাইলের কোনো চিন্তা নেই।
শেখ নাঈম বলেন, আমেরিকা ও ইসরাইলের মূল পরিকল্পনা ছিল মধ্যপ্রাচ্যকে ভাগ করা যাতে তারা সহজেই এ অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া, তাদের আরো একটি বড় পরিকল্পনা ছিল আর তা হলো- সত্যিকার ইসলামের মর্যাদা বিনষ্ট করা।
২০১১ সালে সিরিয়া সংকট সৃষ্টির পর থেকে ইরান, হিজবুল্লাহ ও রাশিয়া এক ফ্রন্টে থেকে দামেস্ক সরকারকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহায়তা দিচ্ছে। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে সিরিয়া এখন সন্ত্রাসীমুক্ত হতে চলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩