সংকট নিরসন করতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না: কুয়েত
https://parstoday.ir/bn/news/west_asia-i47834-সংকট_নিরসন_করতে_না_পারলে_ইতিহাস_ক্ষমা_করবে_না_কুয়েত
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আস-সাবাহ সতর্ক করে দিয়ে বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের সঙ্গে কাতারের সম্পর্কে চলমান সংকট আরো বাড়তে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ০৩:৪১ Asia/Dhaka
  • মঙ্গলবার রাতে কুয়েতের পার্লামেন্টে বক্তব্য রাখেন শেখ সাবাহ
    মঙ্গলবার রাতে কুয়েতের পার্লামেন্টে বক্তব্য রাখেন শেখ সাবাহ

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আস-সাবাহ সতর্ক করে দিয়ে বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের সঙ্গে কাতারের সম্পর্কে চলমান সংকট আরো বাড়তে পারে।

মঙ্গলবার কুয়েতের পার্লামেন্টে দেয়া এক বক্তৃতায় আমির বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি যাতে ভেঙে না পড়ে সে লক্ষ্যে এই সংকটে মধ্যস্থতা করছে কুয়েত।

সংকটের দু’পক্ষে থাকা পাঁচটি দেশই পিজিসিসি’র সদস্য।

শেখ সাবাহ আরো বলেন, এই সংকট আরো বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে জেনেই কুয়েত এখানে মধ্যস্থতা করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো স্পষ্ট করে বলেন, এই সংকট বৃদ্ধির অর্থ হবে আঞ্চলিক ও আন্তর্জাতিক হস্তেক্ষেপ যা পারস্য উপসাগরীয় দেশগুলোর জনগণের জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে।

কুয়েতের আমির বলেন, চার আরব দেশের সঙ্গে কাতারের চলমান সংকট আরো জটিল করার কাজে কেউ যদি এমনকি একটি শব্দও মুখে উচ্চারণ করেন তাহলে ইতিহাস ও ভবিষ্যত প্রজন্ম তাকে ক্ষমা করবে না।

সম্প্রতি সৌদি আরব সফর করেন টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি সৌদি আরব ও কাতার সফর করার পর বলেন, চলমান সংকট নিরসনে কোনো পক্ষই আগ্রহ দেখাচ্ছে না। তার ওই বক্তব্যের পর এ সতর্কবাণী উচ্চারণ করলেন কুয়েতের আমির শেখ সাবাহ।

গত জুন মাস থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরকে সঙ্গে নিয়ে কাতারের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে সৌদি আরব। রিয়াদ অভিযোগ করছে, কাতার সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। দোহা ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলে এসেছে, দেশটির ওপর অহেতুক চাপ সৃষ্টির জন্য সৌদি আরব কাতারের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ উত্থাপন করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫