দেইর আয-যোরে ঘেরাও হয়ে পড়েছে দায়েশ; ৫০ সন্ত্রাসী নিহত
-
সিরিয়ার সেনা
সিরিয়ার দেইর আয-যোর শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে ঘিরে ফেলেছে দেশটির সরকারি সেনারা। একইসঙ্গে বড় রকমের সংঘর্ষে অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (রোববার) জানিয়েছে, গতকাল দায়েশ সন্ত্রাসীরা সিরিয়ার সেনাদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয় এবং ওই সংঘর্ষে ৫০ সন্ত্রাসী মারা যায়। সংঘর্ষে সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধাদের ২৩ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি বলছে, দেইর আয-যোর ও ফোরাত নদীর মাঝে সন্ত্রাসীরা এখন অবরুদ্ধ হয়ে পড়েছে।
সিরিয়ার সেনারা দেইর আয-যোরের কাছে দুটি এলাকা পুনরুদ্ধার করেছে। পাশাপাশি দেইর আয-যোরের একটি স্টেডিয়ামও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। দু পক্ষের মধ্যে বড় রকমের গোলাগুলি চলছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।
২০১৪ সাল থেকে দেইর আয-যোর শহরটি নিজেদের দখলে রেখেছে দায়েশ। তবে সিরিয়ার সেনারা সেই দখলদারিত্বের অবসান ঘটাতে চলেছে। সিরিয় বাহিনীকে রাশিয়া বিমান সহায়তা দিয়ে আসছে আর হিজবুল্লাহ দিচ্ছে স্থলযুদ্ধে সহায়তা। সিরিয় সংকটে ইরান দীর্ঘদিন ধরে সামিরক পরামর্শ দিয়ে আসছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯