মার্কিন কমান্ডারের বিবৃতি: এ কী আসল সত্য, নাকি শুধুই ভুল?
https://parstoday.ir/bn/news/west_asia-i48064-মার্কিন_কমান্ডারের_বিবৃতি_এ_কী_আসল_সত্য_নাকি_শুধুই_ভুল
সিরিয়ার মাটিতে চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার একজন সেনা কমান্ডার। তিনি এ সংখ্যা উল্লেখ করার পরপরই অনেকটা সম্বিত ফিরে পেয়ে সংখ্যাটি সংশোধন করে বলেছেন, “না না,এ সংখ্যা হবে ৫০০’র মতো।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৭ ০৯:২৬ Asia/Dhaka
  • সিরিয়ায় মোতোয়েন মার্কিন সেনা (ফাইল ফটো)
    সিরিয়ায় মোতোয়েন মার্কিন সেনা (ফাইল ফটো)

সিরিয়ার মাটিতে চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার একজন সেনা কমান্ডার। তিনি এ সংখ্যা উল্লেখ করার পরপরই অনেকটা সম্বিত ফিরে পেয়ে সংখ্যাটি সংশোধন করে বলেছেন, “না না,এ সংখ্যা হবে ৫০০’র মতো।”

ইরাকের রাজধানী বাগদাদ থেকে স্যাটেলাইটের মাধ্যমে সেনা কমান্ডার মেজর জেনারেল জেমস জেরার্ড পেন্টাগনের সাংবাদিকদের জানান, “সিরিয়ার মাটিতে বর্তমানে আমাদের প্রায়…আমার মনে হয় চার হাজারের কিছু বেশি সেনা মোতায়েন করা আছে।”

একথা বলার পরপরই জেনারেল জেরার্ড তার বক্তব্য সংশোধন করে বলেন, “আমি দুঃখিত, আমি ভুল বলেছি, সিরিয়ার ভূখণ্ডে ৫০০ মতো সেনা আছে।”  

দায়েশ সন্ত্রাসী

পরে পেন্টাগনের মুখপাত্র এরিক পাহনও জেনারেল জেরার্ডের দেয়া তথ্য সংশোধন করেছেন। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, “জেনারেল জেরার্ড ভুল বলেছেন। আমি জানি না কী করে সেনা সংখ্যা চার হাজার হয়। তার বক্তব্য বাস্তব সংখ্যার ধারেকাছেও নেই।” তিনি ওয়াশিংটন পোস্টকে আরো বলেন, “সিরিয়ায় সেনা রয়েছে ৫০৩ জন এবং ইরাকে ৫,২০০। এই হচ্ছে আমাদের সেনা ব্যবস্থাপনা থেকে জানানো সংখ্যা। এর মধ্যে অস্থায়ী সেনাদের কোনো সংখ্যা নেই।”

বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব সেনা মোতায়েন করে কখনো তার প্রকৃত সংখ্যা ঘোষণা করে না। ইরাক ও সিরিয়াতেও একই ঘটনা ঘটেছে। সম্ভবত জেনারেল জেরার্ডের বক্তব্যের মধ্যদিয়ে ভুলবশত প্রকৃত সত্য বের হয়ে গেছে। সিরিয়ায় দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে বিনা অনুমতিতে সেনা মোতায়েন করেছে আমেরিকা। কিন্তু আজ পর্যন্ত মার্কিন সেনাদের প্রকৃত সংখ্যা ও তাদের লড়াইয়ের কোনো ফলাফল দেখা যায় নি। এর বিপরীতে মার্কিন সেনাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার পাশাপাশি বিভিন্ন এলাকায় বিপর্যয়ের মুখে পড়া দায়েশ সন্ত্রাসীদের মার্কিন সেনারা নিরাপদে সরিয়ে নিয়েছে বলে বার বার খবর বের হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, দায়েশের সঙ্গে এবং দায়েশের নামে মার্কিন সেনারাও সিরিয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১