সিরিয়ায় দায়েশ কমান্ডারদেরকে আবারো উদ্ধার করেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i48256-সিরিয়ায়_দায়েশ_কমান্ডারদেরকে_আবারো_উদ্ধার_করেছে_আমেরিকা
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন কমান্ডারকে আবারো  হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে মার্কিন বাহিনী। সিরিয়ার সেনাবাহিনীর অভিযানে মুক্ত হওয়ার আগ মুহূর্তে পূর্বাঞ্চলীয় মায়েদিন শহর থেকে এসব দায়েশ কমান্ডারকে উদ্ধার করে মার্কিন বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৮, ২০১৭ ১৩:৪৩ Asia/Dhaka
  • মার্কিন হেলিকপ্টারে করে নেয়া হয় দায়েশ কমান্ডারদেরকে
    মার্কিন হেলিকপ্টারে করে নেয়া হয় দায়েশ কমান্ডারদেরকে

সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন কমান্ডারকে আবারো  হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে মার্কিন বাহিনী। সিরিয়ার সেনাবাহিনীর অভিযানে মুক্ত হওয়ার আগ মুহূর্তে পূর্বাঞ্চলীয় মায়েদিন শহর থেকে এসব দায়েশ কমান্ডারকে উদ্ধার করে মার্কিন বাহিনী।

গতকাল (মঙ্গলবার) রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থা কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, মার্কিন হেলিকপ্টার সম্প্রতি দায়েশ কমান্ডারদেরকে মায়েদিন শহর থেকে উদ্ধার করে। এ ঘটনার পরপরই শহরটি সিরিয়ার সেনারা মুক্ত করে।

মুহাম্মাদ আওয়াদ হোসেইন নামে স্থানীয় একজন মেষ পালক জানান, "প্রথমে আমেরিকার সেনারা  মায়েদিন শহরের একটি ফার্মের কাছে মহড়া চালায়। তারপর সেখানে বিমান হামলা চালায়; আমরা নিজেদেরকে লুকানোর চেষ্টা করলাম এবং কয়েকটি হেলিকপ্টার দেখলাম। মাটিতে কয়েকজন বিদেশি দায়েশ কমান্ডার ছিল যারা সদরদপ্তরে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিল। হেলিকপ্টারগুলো তাদেরকে মায়েদিন শহরের বাইরে নিয়ে গেছে।"

দায়েশ কমান্ডার

তিনি জানান, প্রথমে তিনি মার্কিন বিমান দেখেছেন তারপর ভয়াবহ বিস্ফোরণ এবং এরপরই হেলিকপ্টার আসে সেখানে। ৭৯ বছর বয়সী এ ব্যক্তি জানিয়েছেন, তিনি এক সময় সিরিয়ার সেনাবাহিনীতে ছিলেন সে কারণে তিনি মার্কিন বিমানকে আলাদা করে চিনতে পারেন।

আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী রিয়া নভোস্তিকে জানিয়েছেন, তারা প্রথমে কয়েকটি গাড়ি আসতে দেখেন; এর মধ্যে দুজন বিদেশী দায়েশ কমান্ডার ও তাদের পরিবার সেসব গাড়িতে ওঠে। পরে ওই গাড়িগুলো তাদেরকে নিয়ে হেলিকপ্টারগুলোর কাছে যায় এবং পরে অজ্ঞাত স্থানে চলে যায়।

মায়েদিন হচ্ছে দেইর আয-যোর প্রদেশের একটি শহর যেখানে দায়েশের সর্বশেষ অবস্থান ছিল বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮