দায়েশ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i48302-দায়েশ_চূড়ান্তভাবে_পরাজিত_হয়েছে_সিরিয়া
সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে এবং তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। তিনি জঙ্গিদের কাছ থেকে 'আল-বুকমাল' শহর মুক্ত করার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল প্রতিরোধ সংগ্রামীর বিজয় বলে অভিহিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৭ ০৪:১৭ Asia/Dhaka
  • সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ
    সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ পরাজিত হয়েছে এবং তাদের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব নয়। তিনি জঙ্গিদের কাছ থেকে 'আল-বুকমাল' শহর মুক্ত করার ঘটনাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল প্রতিরোধ সংগ্রামীর বিজয় বলে অভিহিত করেছেন।

সিরিয়ার সেনাবাহিনী বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের আল-বুকমাল শহর মুক্ত করার কথা ঘোষণা দেয়। এক লাখ ২০ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহরটি গত তিন বছর ধরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ দখল করে রেখেছিল। শহরটিকে সিরিয়ায় দায়েশের সর্বশেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দামেস্কে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আতহার হুসেইন বুখারির সঙ্গে সাক্ষাতে দায়েশের চূড়ান্ত পরাজয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এই বিজয়ে নিজ দেশের জনগণের পাশাপাশি যেসব দেশ সিরিয়াকে সহযোগিতা করেছে তাদের সবার প্রতি দামেস্ক কৃতজ্ঞতা জানাচ্ছে।

ফয়সাল মিকদাদ বলেন, বিদেশি মদদে সিরিয়ায় সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার পরও পাকিস্তান দামেস্কে নিজের রাষ্ট্রদূত বহাল রেখে প্রমাণ করেছে, সব ধরনের চাপ উপেক্ষা করে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে দামেস্কের পাশে অবস্থান নিয়েছে ইসলামাবাদ।

সাক্ষাতে সিরিয়া ও পাকিস্তানের মধ্যকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে পাক রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় স্বার্থে দু’দেশের এই সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদার করতে হবে।

সিরিয়ায় দায়েশের হানা (ফাইল ছবি)

আমেরিকা, সৌদি আরব ও তুরস্কসহ কয়েকটি মার্কিন মিত্র দেশের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় তাণ্ডব শুরু করে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে বদলে দেয়ার লক্ষ্যে এই তাণ্ডব চালানো হয়।

ছয় বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর সাম্প্রতিক সময়ে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সাফল্যে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করেছে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্টগুলো।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০