রাওয়া মুক্ত: ইরাকে দায়েশের কথিত খেলাফতের অবসান
-
ইরাকি বাহিনী
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে থাকা রাওয়া শহর মুক্ত করতে সক্ষম হয়েছে ইরাকি সামরিক বাহিনী। সিরিয়া সীমান্তবর্তী এ শহরটি ছিল ইরাকে তৎপর সন্ত্রাসীদের হাতে থাকা সর্বশেষ ঘাঁটি।
আজ (শুক্রবার) শহরটি মুক্ত করার জন্য ইরাকি বাহিনী অভিযান শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ এক বিবৃতিতে বলেছেন, রাওয়া শহর সম্পূর্ণভাবে মুক্ত করা হয়েছে এবং শহরের ভবনগুলোতে ইরাকের পতাকা উড়িয়ে দেয়া হয়েছে। রাওয়া শহর মুক্তির অভিযানে ইরাকি সামরিক বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী হাশ্দ আশ-শাবি যোগ দিয়েছে।
ইরাকের এ সেনা মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাওয়া শহর মুক্তির পর ওই এলাকায় দায়েশের অবস্থান শেষ হয়ে গেছে; তাদের দখলে আর কোনো জায়গা নেই। এর কয়েকঘণ্টা আগে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ঘোষণা দিয়েছিল, পশ্চিম আনবার প্রদেশে ফোরাত নদীর তীরবর্তী রাওয়া শহর মুক্ত করার জন্য সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা অভিযান শুরু করেছে। এ শহর মুক্ত হওয়ার মধ্যদিয়ে ইরাকের মাটিতে দায়েশের কথিত খেলাফত শাসনব্যবস্থার অবসান হলো।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭