ফ্রান্সের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করেছেন হারিরি: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i48501-ফ্রান্সের_উদ্দেশ্যে_সৌদি_আরব_ত্যাগ_করেছেন_হারিরি_রিপোর্ট
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ফ্রান্সের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার দুই সপ্তাহ পর তিনি রাজতান্ত্রিক দেশটি ত্যাগ করলেন বলে লেবাননের টেলিভিশন জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৭ ০৭:১২ Asia/Dhaka
  • লেবাননের রাজধানী বৈরুতের সড়কে সাদ হারিরির ছবি
    লেবাননের রাজধানী বৈরুতের সড়কে সাদ হারিরির ছবি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি ফ্রান্সের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করার দুই সপ্তাহ পর তিনি রাজতান্ত্রিক দেশটি ত্যাগ করলেন বলে লেবাননের টেলিভিশন জানিয়েছে।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন অবশ্য এখনো সাদ হারিরির পদত্যাগপত্র গ্রহণ বা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেননি। তাই তাকে এখনো দেশটির প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হচ্ছে।

সাদ হারিরির মালিকানাধীন লেবাননের ফিউচার টিভি আজ (শনিবার) সকালে জানিয়েছে, সাদ হারিরি তার ব্যক্তিগত বিমানে সস্ত্রীক ফ্রান্সের লে বোরজেট বিমানবন্দরের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর ত্যাগ করেছেন।  

হারিরিকে বহনকারী বিমানটি ফ্রান্সের স্থানীয় সময় সকাল ৭টায় লে বোরজেট বিমানবন্দরে পৌঁছাবে বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে।

রিয়াদ ত্যাগ করার আগ মুহূর্তে সাদ হারিরি ইংরেজিতে একটি বিরল টুইট বার্তা পাঠান। তাতে তিনি দৃশ্যত জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েলের একটি বক্তব্যের জবাব দেন।

সিগমার গ্যাব্রিয়েল

গ্যাব্রিয়েল গতকাল (শুক্রবার) বার্লিন সফররত লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, সৌদি আরবে লেবাননের প্রধানমন্ত্রী আটক রয়েছেন বলেই হয়ত দেশটি ত্যাগ করতে পারছেন না।  হারিরি অবিলম্বে লেবাননে ফিরে যাবেন বলেও আশা প্রকাশ করেন গ্যাব্রিয়েল।

জার্মান পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের জবাব দিতে গিয়ে রিয়াদ বিমানবন্দরে যাওয়ার পথে সাদ হারিরি তার টুইট বার্তায় লেখেন, “আমি বিমানবন্দরের দিকে যাচ্ছি মিস্টার সিগমার গ্যাব্রিয়েল।”

সাদ হারিরির রাজনৈতিক দলের একজন শীর্ষস্থানীয় নেতা ও লেবাননের দু’টি টিভি চ্যানেল জানিয়েছে, সৌদি আরব ত্যাগ করার আগে হারিরি সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হারিরিকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, লেবানন যেহেতু হারিরি পদত্যাগপত্র গ্রহণ করেনি তাই তাকে প্রধানমন্ত্রীর মর্যাদায় স্বাগত জানাতে প্যারিস প্রস্তুত রয়েছে।

এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বার্লিনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে রিয়াদে ডেকে পাঠানো হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮