বর্তমান যুগের তাগুত হচ্ছে আমেরিকা ও ইসরাইল: ইয়েমেনের আনসারুল্লাহ প্রধান
-
আব্দুল মালিক আল-হুথি
ইয়েমেনের আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল-হুথি আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলার আহ্বান জানিয়েছেন। পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আজ এক ভাষণে তিনি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে বর্তমান যুগের তাগুত (মিথ্যা উপাস্য)। এদের মোকাবিলা করতে হবে। ইসলামি পরিভাষায় যেসব ব্যক্তি ও শক্তি মহান সৃষ্টিকর্তা আল্লাহকে অস্বীকার করে নিজেদেরকে উপাস্য হিসেবে দাবি করে তারা হচ্ছে তাগুত।
আব্দুল মালিক আল-হুথি আরও বলেছেন, তাগুতি শক্তি বিশ্বের মানুষের দৈনন্দিন জীপনযাপনের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। এর মাধ্যমে তারা মানুষকে ঐশী লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের পথ থেকে দূরে সরিয়ে রাখতে চায়।
তিনি বলেন, ইতিহাসের সব পর্যায়েই শয়তানি শক্তির অস্তিত্ব ছিল এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখাই শয়তানি শক্তির উদ্দেশ্য। তিনি বলেন, ইয়েমেনে নানা ক্ষেত্রে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মূল হোতা হচ্ছে সৌদি আরব। আগ্রাসন ও অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইয়েমেনের সব রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আব্দুল মালিক আল হুথি।
আমেরিকাসহ কয়েকটি দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালে মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে। ওই হামলায় এ পর্যন্ত হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছে এবং দেশজুড়ে নানা রোগ-বালাই ছড়িয়ে পড়েছে। এছাড়া ইয়েমেনে খাদ্য ও ওষুধ সংকট প্রকট আকার ধারণ করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭