হিজবুল্লাহর হস্তক্ষেপ বন্ধ না হলে পদত্যাগ করব: হারিরি
-
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তার দেশের প্রতিরোধকামী আন্দোলন হিজবুল্লাহ আঞ্চলিক ইস্যুতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে অস্বীকৃতি জানালে তিনি পদত্যাগে বাধ্য হবেন।
হারিরি বলেন, "আঞ্চলিক সংকট থেকে দূরে থাকার বিষয়ে লেবাননের যে রাষ্ট্রীয় নীতি রয়েছে হিজবুল্লাহ যদি তা মেনে চলে তাহলে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাবেন।" হিজবুল্লাহর প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, "তারা জানে যে আঞ্চলিক নানা ইস্যুতে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে।" ফরাসি সংবাদ মাধ্যম সিনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী হারিরি বলেন, "আমার সরকারে এমন কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি চাইনা যেটি আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং এর মাধ্যমে অন্য আরব রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হয়।" সিরিয়ায় উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সামরিক বাহিনীকে অত্যন্ত সফলভাবে সহযোগিতা দিয়েছে হিজবুল্লাহ।
হারিরি বলেন, "লেবাননের একার পক্ষে হিজবুল্লাহ নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান সম্ভব নয়। ইরানের কারণে হিজবুল্লাহ ইরাক, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আঞ্চলিকভাবেই এ সমস্যার সমাধান করতে হবে।"
গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা দেন হারিরি। এতে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন ধরনের সংকটের সৃষ্টি হয়। সৌদি কর্মকর্তাদের চাপে হারিরি পদত্যাগ করেছেন এবং তাকে দেশটিতে আটকে রাখা হয়েছে বলে এর আগে লেবানন অভিযোগ করে আসছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮