আল-কুদস নিয়ে মার্কিন পরিকল্পনা: হুঁশিয়ারি দিল তুরস্ক
-
তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ
ফিলিস্তিনের আল-কুদস শহর নিয়ে মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক সরকার। দেশটি বলেছে, আল-কুদস শহরের মর্যাদায় কোনো ধরনের পরিবর্তন আনা হলে এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে আল-কুদস শহরে নেয়া হলে এ অঞ্চলের জন্য তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে।
তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ সোমবার এসব কথা বলেছেন। তিনি বলেছেন, আল-কুদসের মর্যাদা পরিবর্তনের বিষয়ে কোনো রকমের নতুন পদক্ষেপ নেয়া হলে তা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করবে, অস্থিতিশীলতা সৃষ্টি করবে ও নতুন করে সংঘাত দেখা দেবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল-কুদস শহরকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি বিবেচনা করছে বলে খবর বের হওয়ার তুর্কি উপ প্রধানমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি আরো বলেছেন, মার্কিন এ পদক্ষেপ কারো জন্য কোনো লাভ বয়ে আনবে না বরং মধ্যপ্রাচ্যে একটি বিপর্যয় ডেকে আনবে এবং সংঘাতের নতুন দরজা খুলে দেবে।
১৯৬৭ সালের আরব-ইসরাইল ছয়দিনের যুদ্ধে ইহুদিবাদী সেনারা আল-কুদস শহর দখল করে নেয় তবে আন্তর্জাতিক সমাজ এ দখলদারিত্বকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয় নি।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪