ইয়েমেন: হুথিদের হাতে বিপর্যস্ত সালেহর কমান্ডাররা; কয়েকজন নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i49435-ইয়েমেন_হুথিদের_হাতে_বিপর্যস্ত_সালেহর_কমান্ডাররা_কয়েকজন_নিহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর অন্তত দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত এবং একজন আত্মসমর্পণ করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৭ ১১:৪৪ Asia/Dhaka
  • তারেক সালেহ
    তারেক সালেহ

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর অন্তত দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত এবং একজন আত্মসমর্পণ করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সালেহর ভাইপো ও ঘনিষ্ঠ শীর্ষ কমান্ডার তারেক সালেহ। তিনি চলতি সপ্তাহে রাজধানী সানায় আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় আহত হয়েছিলেন এবং পরে তিনি মারা গেছেন। গতকাল (মঙ্গলবার) সালেহর রাজনৈতিক দল ‘জেনারেল পিপলস কংগ্রেস’ এ খবর নিশ্চিত করেছে। ধারণা করা হতো- তারেক সালেহকে এক সময় প্রেসিডেন্ট সালেহর স্থালাভিষিক্ত করা হবে। তারেক সালেহ নিজেই সৌদি আরবের সঙ্গে নতুন করে ঘনিষ্ঠতা বাড়ানো ও রাজধানী সানা থেকে আনসারুল্লাহ যোদ্ধাদের হটিয়ে দেয়ার জন্য যুদ্ধ শুরু করেছিলেন।  

নিহত আলী আব্দুল্লাহ সালেহ

এদিকে, আলী আব্দুল্লাহ সালেহর নেতৃত্বাধীন গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মাহদি মাকুলাও বিপ্লবী আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। এছাড়া, মেজর জেনারেল আব্দুল্লাহ সাবা’ন নামে আরেক কমান্ডার আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছেন। রাজধানী সানার রিমা হামিদ এলাকা থেকে তিনি আত্মসমর্পণ করেন।  

প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ নিজেও গত সোমবার বিপ্লবী আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। তিনি হুথি আন্দোলনের সঙ্গে ঐক্য ভেঙে সৌদি আরবের পক্ষে অবস্থান নেয়ার পর তার অনুগত সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে অবস্থা বেগতিক দেখে তিনি রাজধানী সানা থেকে পালানোর সময় মা’রিব প্রদেশে আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬