সালেহর মৃত্যুর জের: বেড়েছে সৌদি হামলা, প্রেসিডেন্ট প্রাসাদে বোমা
-
বিমান হামলার পর সানার প্রেসিডেন্ট প্রাসাদের অবস্থা
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত হওয়ার পর দেশটির ওপর সামরিক হামলা তীব্র করেছে আগ্রাসী সৌদি আরব। এর ভয়াবহ শিকার হচ্ছে রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো।
আজ (বুধবার) সকালের দিকে সৌদি বাহিনী রাজধানী সানা ও দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বহুবার বিমান হামলা চালিয়েছে। মানবিক ত্রাণের জন্য যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও সৌদি আরব এসব হামলা চালিয়ে যাচ্ছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
হামলার অংশ হিসেবে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের বিমান থেকে সানার প্রেসিডেন্ট প্রাসাদ, সালেহর বাড়ি ও তার পরিবারের অন্য লোকজনের বাড়িতে বোমা বর্ষণ করেছে। এসব বাড়ির নিয়ন্ত্রণ রয়েছে আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে। সানায় সৌদি জোটের হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, রাজধানী সানার উপকণ্ঠে আজ সকালের দিকে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া তায়িজ, হাজ্জাহ ও সা’দা প্রদেশে ব্যাপক বোমা বর্ষণ করেছে সৌদি জোট। হামলায় হাজ্জাহ প্রদেশের মাবইয়ান এলাকায় এক নারী ও এক তরুণী নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সা’দা প্রদেশের দুটি এলাকায় সৌদি জোট অন্তত ১৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জবাবে আনসারুল্লাহ যোদ্ধারাও সৌদি নেতৃত্বাধীন ভাড়াটে সেনাদের ওপর হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬