ফিলিস্তিনই মুসলিম বিশ্বের কাছে অগ্রাধিকার: রুহানি
https://parstoday.ir/bn/news/west_asia-i51433-ফিলিস্তিনই_মুসলিম_বিশ্বের_কাছে_অগ্রাধিকার_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর ফিলিস্তিন ইস্যু আবার মুসলিম উম্মাহর কাছে শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি আজ (মঙ্গলবার) একথা বলেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৮ ১৩:৪৫ Asia/Dhaka
  • বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি
    বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পর ফিলিস্তিন ইস্যু আবার মুসলিম উম্মাহর কাছে শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি আজ (মঙ্গলবার) একথা বলেছেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত দখলদারিত্বের কারণে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের অন্ধ ও লাগাতার সমর্থনের কারণে ফিলিস্তিনের জনগণ তাদের মৌলিক অধিকারও রক্ষা করতে পারছেন না। বায়তুল মুকাদ্দাসকে রাজধানী হিসেবে পাওয়া ফিলিস্তিনিদের অধিকারের মধ্যে পড়ে বলেও প্রেসিডেন্ট রুহানি উল্লেখ করেন।

ওআইসিভুক্ত দেশগুলোর জাতীয় সংসদের স্পিকারদের ১৩তম সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি (ডান থেকে দ্বিতীয়)

ইরাক ও সিরিয়ায় দায়েশের পতনের প্রশংসা করে প্রেসিডেন্ট রুহানি আশা করেন, তাকফিরি এ গোষ্ঠীর নির্মূল অবশ্যম্ভাবী। এ গোষ্ঠী সম্পূর্ণ ভুল পথে এবং ইসলামের ভুল ব্যাখ্যা করে বিশ্বে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছে। কোনো দেশের সঙ্গে ইরানের প্রতিযোগিতা নেই উল্লেখ করে ড. রুহানি আরো বলেন, যেসব দেশের সঙ্গে মতপার্থক্য রয়েছে তাদের সঙ্গে সংলাপের মাধ্যমে তা দূর করা সম্ভব বলে তেহরান বিশ্বাস করে। কিন্তু মার্কিন ও ইসরাইলি উসকানিতে কিছু দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে এবং ইরানের সঙ্গে মতপার্থক্য বাড়িয়ে তুলছে। তিনি মধ্যপ্রাচ্যকে শান্তি ও স্থিতিশীল অঞ্চল হিসেবে দেখার আশা ব্যক্ত করেন। ড. রুহানি বলেন, কোনো দেশ প্রতিবেশী দেশে সেনা পাঠিয়ে এবং গণহত্যা চালিয়ে অভ্যন্তরীণ সংকট সমাধান করতে পারে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬