মার্কিন দূতাবাস স্থানান্তরিত হবে ১৪ মে; গাজায় বিক্ষোভ
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের গাজাবাসীরা। আজ (রোববার) গাজার শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে শহরের একটি স্কয়ারে বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা সেখানে অবস্থান কর্মসূচিও পালন করেন।
শ্রমিক সংগঠনগুলোর জোটের মুখপাত্র আব্দুল কারিম আল খালেদি বিক্ষোভ সমাবেশে বলেছেন, "ফিলিস্তিনের রাজধানী বায়তুল মুকাদ্দাসের ঐতিহ্য, পরিচিতি ও ধর্মীয় মর্যাদা মুছে ফেলার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।"
ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী ঘোষণা করে ও সেখানে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ইহুদিবাদীদের পক্ষ নিয়েছেন এবং ফিলিস্তিনিদের অধিকার ভূলুণ্ঠিত করেছেন বলে তিনি মন্তব্য করেন।
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, আগামী ১৪ মে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করা হবে।
এর আগে গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এরপর তিনি ঘোষণা করেন, তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হবে। ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয় এবং আমেরিকা তাতে ব্যাপকভাবে পরাজিত হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫