‘ইসরাইলকে মোকাবেলায় হিজবুল্লাহ প্রস্তুত’
-
হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যেকোনো সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ নাঈম কাসেম আজ (বৃহস্পতিবার) একথা বলেছেন। তিনি বলেন, ইসরাইল যদি কোনো বোকামিপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং লেবাননের ওপর আগ্রাসন চালায় তাহলে হিজবুল্লাহ তার জবাব দিতে প্রস্তুত ।
হিজবুল্লাহর এ নেতা বলেন, “আমরা বার বার বলেছি যে, প্রতিরোধ সংগঠন হিসেবে আমাদেরকে স্থায়ী প্রস্তুতির আলোকেই কাজ করতে হয় এবং ইসরাইল যদি কোনো রকমের আগ্রাসন চালায় তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছি। আমরা সব ধরনের উপায় অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করব।”
শেখ নাঈম কাসেম বলেন, “আমরা আমাদের যুদ্ধের ক্ষেত্রকে দুর্ভেদ্য করার জন্য কাজ করছি। তবে মনে হয় না ইসরাইল লেবাননের বিরুদ্ধে এখন আর কোনো যুদ্ধ আরম্ভ করবে। ঘটনা পরিক্রমা একথা বলে না যে, যুদ্ধের সিদ্ধান্ত ইসরাইলের ওপর নির্ভর করে।”
সিরিয়া প্রসঙ্গে হিজবুল্লাহর উপ মহাসচিব বলেন, দেশটির সংকট কাটিয়ে ওঠার জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে জোর করে ক্ষমতা থেকে নামানো যাবে না। সিরিয়ার সরকার যুদ্ধের ময়দানে জিতেছে এবং এখন রাজনীতির ময়দানেও জিতবে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/ সিরাজুল ইসলাম/১৬