নতুন আগ্রাসন মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে: ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i55868-নতুন_আগ্রাসন_মধ্যপ্রাচ্যের_জন্য_ভয়াবহ_বিপদ_ডেকে_আনবে_ইরাক
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার ওপর নতুন যেকোনো আগ্রাসন মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। তিনি বলেন, এ ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সন্ত্রাসীদেরকে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০১৮ ০৬:০১ Asia/Dhaka
  • ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি
    ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার ওপর নতুন যেকোনো আগ্রাসন মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। তিনি বলেন, এ ধরনের আগ্রাসন মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সন্ত্রাসীদেরকে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেবে।

মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভানের সঙ্গে টেলিফোন সংলাপে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ফোনালাপে জাফারি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সিরিয়ার জনগণকেই তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে। এ সময় তিনি রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে বাগদাদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরাকের জনগণ মারাত্মকভাবে এই অস্ত্রের শিকার।

টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা সিরিয়ার ওপর হামলা চালায় আমেরিকা

জাফারি বলেন, সন্ত্রাসবাদের হুমকি বিশ্বের সব দেশকে আতংকিত করে তুলেছে। এ অবস্থায় যুদ্ধের চেয়ে শান্তির পথ অনুসরণ করা বেশি গুরুত্বপূর্ণ।

ফোনালাপে মার্কিন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত শনিবার আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার তিনটি রাসায়নিক স্থাপনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি আরো দাবি করেন, এসব হামলায় আমেরিকা বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়টি এড়ানোর চেষ্টা করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬