সত্যিকারের শান্তি প্রস্তাবকে স্বাগত জানানো হবে: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
-
হিশাম শারাফ
ইয়েমেনের জাতীয় স্যালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ বলেছেন, সত্যিকারের শান্তি প্রস্তাবকে স্বাগত জানানো হবে। চলমান সংকটে জড়িত সবার অংশগ্রহণে রাজনৈতিক উপায়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, শান্তি আলোচনায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ব্রিটিশ এমপি এন্ড্রো মিশেলের নেতৃত্বাধীন ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে বসবাসকারী ইয়েমেনিদের সেদেশ থেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। তিনি বলেন, সানার আন্তর্জাতিক বিমান বন্দর পুণরায় খুলে দেয়ার ব্যবস্থা করতে হবে।
এ সময় ব্রিটিশ প্রতিনিধিদলের নেতা এন্ড্রো মিশেল বলেন, আন্তর্জাতিক সমাজ ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। ইয়েমেনের জনগণের স্বার্থেই এটা দরকার।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো। ওই হামলায় এ পর্যন্ত বহু মানুষ হতাহত হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২