আমেরিকার ওপর আস্থা রাখা মূর্খতা ছাড়া কিছু নয়: হিজবুল্লাহ
-
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, আমেরিকার প্রতি আস্থা রাখা ও তার প্রতিশ্রুতিতে বিশ্বাস করা মূর্খতা ছাড়া আর কিছু নয়। মার্কিন সরকার কোনো ধরনের আন্তর্জাতিক আইন ও চুক্তি মেনে চলে না বলেও তিনি উল্লেখ করেছেন।
তিনি সোমবার রাতে একজন হিজবুল্লাহ কমান্ডারের শাহাদাত বার্ষিকীতে দেয়া ভাষণে একথা বলেন। যেকোনো বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত গ্রহণে মানবীয় মূল্যবোধের কোনো স্থান নেই- উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, আমেরিকার কাছে নিজের স্বার্থের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষাই প্রাধান্য পায়; অন্য কিছু নয়।
হিজবুল্লাহ মহাসচিব বলেন, ফিলিস্তিন সংকটে মধ্যস্থতা করতে গিয়ে এখন মার্কিন সরকার ফিলিস্তিনিদের ভূমিতে নিজের দূতাবাস খুলেছে। এ ঘটনায় ফিলিস্তিন ও লেবাননের জনগণের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে আমেরিকা শিগগিরই ‘শতাব্দির সেরা চুক্তি’ নামের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, এই পরিকল্পনার মাধ্যমে ফিলিস্তিনিদের সব আশা-আকাঙ্ক্ষার কবর রচনা করা হবে এবং ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে শুধুমাত্র গাজা উপত্যকায়। জর্দান নদীর পশ্চিম তীরে যতটুকু ভূমি এখন ফিলিস্তিনিদের হাতে অবশিষ্ট রয়েছে তা ইহুদিবাদী ইসরাইলকে দিয়ে দেয়া হবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন।
আমেরিকা যাতে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে সেজন্য তিনি ফিলিস্তিনি জনগণসহ গোটা মুসলিম বিশ্বকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ গত কয়েক দশক ধরে মার্কিন মধ্যস্থতার ওপর ফিলিস্তিনি নেতাদের আস্থা রাখার সমালোচনা করে বলেন, যেসব দেশ আমেরিকার প্রতিশ্রুতির ওপর আস্থা রেখে নিজের সমস্যার সমাধান করতে চায় তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫