সৌদি সেনা অবস্থানে আরো ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i57358-সৌদি_সেনা_অবস্থানে_আরো_ক্ষেপণাস্ত্র_হামলা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্বল্প পাল্লার বাদ্‌র-১ নামের এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০১৮ ১৬:০৬ Asia/Dhaka
  • বাদ্‌র-১ ক্ষেপণাস্ত্র
    বাদ্‌র-১ ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্বল্প পাল্লার বাদ্‌র-১ নামের এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে।  

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদি আরবের কিং ফয়সাল সামরিক ঘাঁটিতে আজ (মঙ্গলবার) বিকেলে বাদ্‌র ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই সূত্র জানায়, অত্যন্ত নিখুঁতভাবে ক্ষোপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইয়েমেনের আল-জাওয়াফ প্রদেশের আল-কাইল এলাকায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের একটি সমাবেশে স্বল্প পাল্লার জিলজাল-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে জিজান প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।      

এদিকে, সৌদি আরবের বিমান হামলায় আজ ইয়েমেনের সা’দা প্রদেশে অন্তত দুজন নিহত হয়েছে। এছাড়া, সৌদি সীমান্তরক্ষীদের গুলিতে ইয়েমেনের এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫