ইয়েমেন সীমান্তে ২ সৌদি সেনা নিহত: রিয়াদের স্বীকারুক্তি
ইয়েমেনের দক্ষিণ সীমান্তে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিজের দুই সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি আরব।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সৌদি প্রেস এজেন্সি' জানিয়েছে, নিহত ব্যক্তিরা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। তবে কখন এবং কিভাবে তারা নিহত হয়েছেন সে ব্যাপারে সংবাদ মাধ্যমটি বিস্তারিত কিছু বলেনি। এছাড়া, সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের রাজধানী আবহা শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেশটির সামরিক বাহিনী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশটির পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে সৌদি আরব মদদপুষ্ট ভাড়াটে সেনাদের অবস্থানে কাহার-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
এছাড়া, ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল গতকাল শনিবার সৌদি জঙ্গিবিমান রাজধানী সানায় বোমা বর্ষণ করার পর সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করেছে। আগ্রাসী সৌদি বাহিনী এমন সময় হামলা চালিয়েছে যখন ইয়েমেনি ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র রমজান মাসে ঠিক সূর্যাস্তের আগে রোজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিলেন। হামলায় চার ব্যক্তি নিহত হওয়ার পাশাপাশি আরো ১৫ জন আহত হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/২৭