২০১৮ সাল সৌদিআরবে ক্ষেপণাস্ত্র হামলার বছর: ইয়েমেনের আনসারুল্লাহ
-
মাহদি আল-মাশাত
ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত বলেছেন, ২০১৮ সাল হবে সৌদিআরবের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার বছর। তিনি বলেন, এই সিদ্ধান্ত ছিল আনসারুল্লাহর সাবেক নেতা শহীদ সালেহ আস-সামাদের। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী সৌদিআরবে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে বলে আল-মাশাত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাশিয়া টুডে'র বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা আরও জানিয়েছে, মাহদি আল-মাশাত ইয়েমেনের সামরিক বাহিনীর ওপর সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আস্থা এবং বিশ্বাসের ওপর গুরুত্ব আরোপ করেছেন। একইভাবে তিনি ইয়েমেনের জনগণের সার্বিক সহযোগিতা, সামরিক বাহিনীর ভূমিকা আরও শক্তিশালী করাসহ জনগণের স্বেচ্ছায় এগিয়ে আসার ওপর গুরুত্ব দেন।
গত ২৬ এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের হামলায় আনসারুল্লাহ নেতা সালেহ সামাদ শহীদ হন। মাহদি আল মাশাত, সালেহ আস-সামাদের স্থলাভিষিক্ত হয়েছেন। মৃত্যুর আগে সালেহ সামাদ বলেছিলেন: ইয়েমেনের জনগণ অস্ত্র তৈরিতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। চলতি বছরকে তিনি আগ্রাসী শত্রুদের বিভিন্ন অবস্থানে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার বছর বলে অভিহিত করেছিলেন।
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সামরিক বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা সৌদিজোটের সার্বিক অবরোধ সত্ত্বেও বেড়েই চলেছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ধরে রাখা ও বাবুল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ঠিক রাখাসহ কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো আমেরিকার হয়ে এ যুদ্ধ করছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৪