হুদায়দায় সৌদি হামলায় নিহত হবে আড়াই লাখ মানুষ: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i58634-হুদায়দায়_সৌদি_হামলায়_নিহত_হবে_আড়াই_লাখ_মানুষ_জাতিসংঘ
জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সৌদি আরব ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের লক্ষ্যে হামলা চালালে আড়াই লাখ মানুষের প্রাণহানি হতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৮ ০১:০৬ Asia/Dhaka
  • ইয়েমেনি নারীদের সঙ্গে কথা বলছেন লিস গ্রান্ডে (গোলাপি জামা গায়ে- ফাইল ছবি)
    ইয়েমেনি নারীদের সঙ্গে কথা বলছেন লিস গ্রান্ডে (গোলাপি জামা গায়ে- ফাইল ছবি)

জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সৌদি আরব ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের লক্ষ্যে হামলা চালালে আড়াই লাখ মানুষের প্রাণহানি হতে পারে।

ইয়েমেনে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী লিস গ্রান্ডে এক বিবৃতিতে বলেছেন, “হুদায়দা’র ওপর সামরিক হামলা কিংবা অবরোধ সেখানকার লাখ লাখ নিরপরাধ মানুষের প্রাণকে বিপদাপন্ন করে তুলবে।”

ইয়েমেনের জন্য মানবিক ত্রাণ পৌঁছানোর কাজে হুদায়দা বন্দর ব্যবহার করা হয়। এ ছাড়া, দেশটির প্রধান আমদানি-রপ্তানির বন্দর হিসেবেও পরিচিত হুদায়দা। আগ্রাসী সৌদি আরব দীর্ঘদিন ধরে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রিত ওই বন্দরনগরী দখলে নেয়ার লক্ষ্যে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়ে আসছে।

লিস গ্রান্ডে আরো বলেন, “হুদায়দায় দীর্ঘায়িত যুদ্ধ হলে সেখানকার ২ লাখ ৫০ হাজার মানুষ তাদের প্রাণসহ সর্বস্ব হারাবে।”

ইয়েমেনের হুদায়দা বন্দর 

সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত আরব জোটের মুখপাত্র গত মঙ্গলবার জানান, ওই জোটের সেনারা হুদায়দা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে রয়েছে। তবে ওই জোট বন্দরটি দখলে নেয়ার জন্য এখনই হামলা চালাবে কিনা তা ওই মুখপাত্র বলেননি।

ওইদিনই জাতিসংঘের ইয়েমেন বিষয়ক মধ্যস্থতাকারী মার্টিন গ্রিফিথ্‌স হুদায়দা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন।

সৌদি আরবের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল ও দেশটির পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল করার লক্ষ্যে ২০১৫ সালের মার্চ মাস থেকে দেশটির ওপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষ নিহত ও আরো হাজার হাজার মানুষ আহত হয়েছে। সৌদি আগ্রাসনে ইয়েমেনের অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯