জাতিসংঘের আদালতে আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ করল কাতার
-
মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি
সংযুক্ত আরব আমিরাতকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করেছে কাতার। সৌদি আরবের নেতৃত্বে চার আরব দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করার এক বছর পর এ মামলা দায়ের করা হলো।
সোমবার হেগের আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলায় বলা হয়, কাতার ও কাতারি জনগণের সঙ্গে বৈষম্যমুলক আচরণ করছে আবু ধাবি। কাতারি জনগণকে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কার করা হচ্ছে এবং কাতারের বিমানকে দেশটির আকাশসীমা ব্যবহার করতে দেয়া হচ্ছে না।
কাতারের বার্তা সংস্থা কিউএনএ হেগের আদালতে মামলা করার এ খবর জানিয়েছে। সংস্থাটি বলেছে, সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা কাতার ও এর জনগণের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় অনলাইন মিডিয়া অভিযান চালাচ্ছেন। তারা সরাসরি পারস্য উপসাগরীয় এ দেশটির বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, কাতারের জনগণের সঙ্গে বিদ্বেষী ও বৈষম্যমূলক আচরণ করছে সংযুক্ত আরব আমিরাত যা মানবাধিকারের চরম লঙ্ঘন।”
তিনি আরো বলেন, “আবু ধাবির এই আচরণের পরিসমাপ্তি ঘটিয়ে কাতারি নাগরিকদের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার প্রথম পদক্ষেপ হিসেবে হেগের আদালতে অভিযোগ জানানো হয়েছে।”
কাতার সরকার জাতিসংঘের আদালতে জানানো অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কি পরিমাণ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে তা জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ অবশ্য এক টুইটার বার্তায় কাতারের অভিযোগকে ‘মিথ্যা’ বলে নাকচ করে দিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২