হুদায়দার নিয়ন্ত্রণ জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি নাকচ করল আনসারুল্লাহ
-
মুহাম্মাদ আল-বুখাইতি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন দেশটির হুদায়দা বন্দরের নিয়ন্ত্রণ জাতিসংঘের কাছে হস্তান্তরের দাবি নাকচ করে দিয়েছে। সম্প্রতি কিছু পশ্চিমা গণমাধ্যম দাবি করেছিল, উত্তেজনা কমানোর লক্ষ্যে হুদায়দা বন্দরের নিয়ন্ত্রণ জাতিসংঘের কাছে হস্তান্তর করতে চায় আনসারুল্লাহ।
কিন্তু আনসারুল্লাহ আন্দোলনের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মাদ আল-বুখাইতি আল-মায়াদিন টিভি চ্যানেলকে বলেছেন, জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সঙ্গে আলোচনায় শুধুমাত্র হুদায়দা বন্দরে পণ্য প্রবেশের ওপর জাতিসংঘের নজরদারির প্রস্তাব উত্থাপিত হয়েছে। হুদায়দা বিমানবন্দর পর্যবেক্ষণের কোনো প্রস্তাব দেয়া হয়নি বলে উল্লেখ করেন বুখাইতি। তিনি বলেন, বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার কারণে এটির ওপর নজরদারির প্রসঙ্গই উত্থাপিত হয়নি।
ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিট্স গত সপ্তাহে সানা সফরে যান এবংয় সেখানে ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইয়েমেন সংকটে জাতিসংঘ সৌদি আরবের পক্ষ নেয়ায় ইয়েমেনের জনগণ এই বিশ্ব সংস্থার যেকোনো তৎপরতাকে সন্দেহের চোখে দেখে।
সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সামরিক জোট হুদায়দা বন্দর দখলের উদ্দেশ্যে গত ১৩ জুন থেকে জল, স্থল ও আকাশপথে ওই বন্দরনগরীর ওপর ব্যাপক মাত্রায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স এ কাজে সৌদি আরবকে সহযোগিতা করছে। ইয়েমেন সেনাবাহিনীর প্রতিরোধের কারণে এখন পর্যন্ত হুদায়দার দখল নিতে পারেনি সৌদি সরকার। ইয়েমেনে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার প্রধান রুট হচ্ছে হুদায়দা বন্দর।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮