নাসরুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাল ইয়েমেনের আনসারুল্লাহ
লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ আবারও ইয়েমেনের মজলুম জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বলেছেন, সুযোগ থাকলে আপনাদের পাশে থেকে যুদ্ধ করতাম। তিনি ইয়েমেনি জাতিকে অপরাজেয় বলে অভিহিত করেছেন। হিজবুল্লাহ মহাসচিবের এই বক্তব্যের প্রশংসা করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন।
বিবৃতিতে হাসান নাসরুল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ইয়েমেনে চলমান যুদ্ধের ভিত্তিতেই ফিলিস্তিন তথা গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারিত হবে। বিবৃতিতে আনসারুল্লাহ আরও বলেছে, ইয়েমেনিরা যে যুদ্ধ করছে তা কেবল ইয়েমেনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তারা মূলত ইহুদিবাদী ইসরাইল এবং তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করছে।
ফিলিস্তিনকে নিয়ে আমেরিকা নতুন যে আপোষ পরিকল্পনা হাতে নিয়েছে তাতে বলা হয়েছে, বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম ইহুদিবাদী ইসরাইলকে দিয়ে দেওয়া হবে এবং ফিলিস্তিনিরা কোনো দিন আর তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার দাবি তুলতে পারবে না। ফিলিস্তিনিদেরকে পশ্চিমতীর ও গাজা উপত্যকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
এই পরিকল্পনার ভিত্তিতেই ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নিয়েছেন। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১