গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i60056-গাজা_উপত্যকায়_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বিমানবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে কয়েক দফা হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৮ ১৩:১৭ Asia/Dhaka
  • ইসরাইলি যুদ্ধবিমান
    ইসরাইলি যুদ্ধবিমান

ইহুদিবাদী ইসরাইলের বিমানবাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে কয়েক দফা হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছে।

আজ (শনিবার) প্রকাশিত ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, গাজা উপত্যকার কয়েকটি জায়গায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে হামলা চালানো হয়। এর মধ্যে একটি সুড়ঙ্গ পথও রয়েছে বলে জানিয়েছে ইসরাইল। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। ইহুদিবাদী সেনাদের হামলার পর গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে সাইরেন বাজার শব্দ শোনা যায়।

ইসরাইল দাবি কর‍েছে, গাজা থেকে অন্তত ১৭টি রকেট কিংবা মর্টারের গোলা নিক্ষেপের জবাবে বিমান হামলা চালানো হয়। ইসরাইলি বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে পাঁচটি রকেট ভূপাতিত করা হয় এবং একটি রকেট ইহুদি বসতিতে গিয়ে পড়ে।

গত এক দশক ধরে গাজার বিভিন্ন অংশে ইসরাইলি বাহিনী দফায় দফায় হামলা চালিয়েছে। একইসঙ্গে গাজার ওপর কঠোর অবরোধ চাপিয়ে রেখেছে ইসরাইল। গাজাকে এখন বলা হয় বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪