সিরিয়ার দারা এবং কুনেইত্রায় সেনাবাহিনীর নতুন সাফল্য
সিরিয়ার জনপ্রিয় প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় দেশটির সেনাবাহিনী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দা'রা এবং কুনেইত্রা প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কাছ থেকে আরো কিছু নতুন এলাকা পুনরুদ্ধার করেছে। এসব প্রদেশ থেকে দুই ডজন শহর এবং গ্রাম সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করছে সেনাবাহিনী।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গণ-প্রতিরক্ষা বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনী তাসিল এবং তাল আল-জোমো শহরের উপকণ্ঠে সন্ত্রাসীদের অবস্থানে কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ার সামরিক একটি সূত্র জানিয়েছিল যে সেনাবাহিনী দারা এবং কুনেইত্রা প্রদেশে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের কাছ থেকে ২১টি গ্রাম এবং শহর পুনরুদ্ধার করেছে। অভিযানে বহু সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি তাদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ার খবরও পাওয়া গেছে।
এদিকে, ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ে নিহত ১৬ জন সৈন্যের লাশ দারা প্রদেশে একটি গণকবর থেকে উদ্ধার করা হয়েছে। এসব সেনা ২০১৩ সালে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাহওয়ে এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৫