ইরান-বিরোধী ‘আরব ন্যাটো’ প্রতিষ্ঠা করতে চান ট্রাম্প
-
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান (বামে) এবং প্রেসিডেন্ট ট্রাম্প
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কয়েকটি আরব দেশকে নিয়ে ন্যাটো জোটের আদলে একটি সামরিক ও রাজনৈতিক জোট গড়ে তোলার ষড়যন্ত্র করছে মার্কিন সরকার। মার্কিন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র এ খবর দিয়েছে।
সূত্রগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এগিয়ে নেয়ার জন্য এরইমধ্যে এসব আরব দেশের ওপর চাপ সৃষ্টি করেছে। যদিও এসব দেশ নিজেরাই মারাত্মকভাবে দ্বিধাবিভক্ত তারপরও তাদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করাতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। গত বছর সৌদি আরবে ট্রাম্পের সফরের সময় বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছিল যে, ওই সফরেই ট্রাম্প কথিত আরব ন্যাটো জোটের লক্ষ্য-উদ্দেশ্য পরিষ্কার করে তুলে ধরবেন।
এ জোটে পারস্য উপসাগরীয় ছয় দেশ এবং মিশর ও জর্দানকে রাখতে চান ট্রাম্প। এ ক্ষেত্রে আমেরিকা সংগঠকের ভূমিকা পালন করবে এবং এ জোট থেকে দূরে থাকবে। আজ (শনিবার) মার্কিন ও আরব কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনে একটি শীর্ষ সম্মেলন হবে এবং ওই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিকল্পনা আবার তুলে ধরবেন। হোয়াইট হাউজ বিষয়টি নিশ্চিত করে বলেছে, এ নিয়ে তারা কাজ করছে এবং সম্ভাব্য জোটের নাম হতে পারে ‘মিডল ইস্ট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স’ বা মেসা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮